এসএসসি পরীক্ষা: নকল ও অনিয়ম প্রতিরোধে জরুরি নির্দেশনা
নকল ও অনিয়ম প্রতিরোধে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা নিয়ে জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে। কেন্দ্রসচিবদের ৩১টি নির্দেশনা মানতে হবে। এ বছর পরীক্ষা কেন্দ্রে নকল প্রতিরোধমূলক পোস্টার লাগানো বাধ্যতামূলক করা হয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা প্রদান করে।
প্রধান নির্দেশনাসমূহ:
- অনিয়মিত বা মানোন্নয়ন পরীক্ষার্থীরা ২০২৫ সালের সিলেবাস অনুযায়ী এবং নিয়মিত পরীক্ষার্থীরা ২০২৬ সালের সিলেবাস অনুযায়ী পরীক্ষায় অংশ নেবে।
- পরীক্ষা প্রতিদিন সকাল ১০টায় শুরু হবে।
- পরীক্ষার তিন দিন আগে প্রশ্নপত্র যাচাই করতে হবে এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতি নিশ্চিত করতে হবে।
- প্রশ্নপত্র আলাদা সেটে সুরক্ষিত খামে সংরক্ষণ করতে হবে এবং যথাযথভাবে লেবেল করতে হবে।
- প্রশ্নপত্র পরিবহনে ট্যাগ অফিসার ও পুলিশের উপস্থিতি বাধ্যতামূলক।
- সেট কোড নিশ্চিত করে প্রশ্নপত্র খোলা হবে; ভুল সেট ব্যবহারে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
- কেন্দ্রসচিব ছাড়া অন্য কেউ মোবাইল বা ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করতে পারবেন না।
- প্রতি ২০ জন পরীক্ষার্থীর জন্য ১ জন কক্ষ পরিদর্শক এবং প্রতিটি কক্ষে কমপক্ষে ২ জন দায়িত্বে থাকবেন।
- বেঞ্চ অনুযায়ী আসন ব্যবস্থা নির্ধারণ করতে হবে (৫–৬ ফুটে ২ জন, ৪ ফুটে ১ জন)।
- পরীক্ষা শুরুর ৩০ মিনিট পর পর্যন্ত দেরিতে আসা পরীক্ষার্থীকে বিশেষ বিবেচনায় প্রবেশের অনুমতি দেওয়া যাবে।
- নকল প্রতিরোধে পরীক্ষা কেন্দ্রের বাইরে জটলা নিয়ন্ত্রণ, সিসি ক্যামেরা স্থাপন এবং পোস্টার প্রদর্শন বাধ্যতামূলক।
- প্রবেশপত্র পরীক্ষা শুরুর অন্তত ১০ দিন আগে বিতরণ করতে হবে।
- ত্রুটিপূর্ণ উত্তরপত্র ব্যবহার করা যাবে না।
- অনুমোদিত ক্যালকুলেটর ছাড়া অন্য কোনো ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না।
- হাজিরা শিটে স্বাক্ষর নিশ্চিত করতে হবে এবং অনুপস্থিতদের লাল কালি দিয়ে চিহ্নিত করতে হবে।
- উত্তরপত্র পৃথকভাবে প্যাকেট করে বোর্ডে জমা দিতে হবে; পুরাতন ও নতুন সিলেবাস মিশ্রণ করা যাবে না।
- ইংরেজি ভার্সনের পরীক্ষার্থীদের জন্য পৃথক প্রশ্নপত্র ও উত্তরপত্র ব্যবস্থা করতে হবে।
- প্রবেশপত্রে ত্রুটি থাকলে ৫ কর্মদিবসের মধ্যে সংশোধন করতে হবে।
- পরীক্ষাকালীন সকল ক্লাস বন্ধ রাখতে হবে (পরীক্ষাবিহীন দিনে চালু রাখা যাবে)।
- টয়লেটসহ কেন্দ্র তল্লাশি করে নকল সামগ্রী অপসারণ করতে হবে।
- পরীক্ষাকালীন অনুমোদিত ব্যক্তি ছাড়া অন্য কারো কেন্দ্রে অবস্থান নিষিদ্ধ।
সূত্র: দৈনিক শিক্ষা ডটকম
Comments